যুব সমাজ মোবাইলে বন্দি হয়ে গেছে। এ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে খেলাধুলা। ক্র্যাব যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। সাংবাদিকদের পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করা জরুরি।
বুধবার (২০ জুলাই) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল।
কাবাডি খেলা প্রসঙ্গে ডিআইজি হাবিবুর রহমান বলেন, এটা জাতীয় খেলা। গ্রামে বড় হওযা সব যুবকের কাবাডি খেলার চর্চা ছিল। এখন কিছুটা কমেছে। ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালে কাবাডি যুক্ত করার জন্য কার্যনির্বাহী কমিটিকে তিনি ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আমরা চেষ্টা করছি যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে। এটা অব্যাহত থাকবে। ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূধন মণ্ডল।
এসময় ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, মিজান মালিক, সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান তাজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।