মাদারীপুরের চার উপজেলায় ১২৬ পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর

মাদারীপুরের চার উপজেলায় ১২৬টি পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হবে আজ বৃহস্পতিবার (২১ জুলাই)। পাশাপাশি মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বুধবার (২০ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা এই লক্ষ্যকে সামনে রেখে ২১ জুলাই বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন বলেন, মাদারীপুরের চার উপজেলায় এ পর্যন্ত এক হাজার দশটি ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ৯৭৭টি পরিবারের কাছে ইতোমধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৩টি ঘর এখনও নির্মাণাধীন রয়েছে।

জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন তার বক্তব্যে আরও বলেন,মাদারীপুর সদর উপজেলার মধ্যে এখন আর কেউ গৃহহীন ও ভূমিহীন নেই। গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরী করার জন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি। তার ধারাবাহিকতায় সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৮টি পরিবারসহ মোট ২১৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পরবর্তীতে আমরা যদি কোন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পাই তা হলে তাদেরকেও পুনর্বাসন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সিনিয়র সহকারী কমিশনার শংকর চন্দ্র বৈদ্যসহ জেলা-উপজলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।