আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসামি নিহত

সুনামগঞ্জ আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১টার দিকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহতের নাম খোকন মিয়া (৫০)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে দুপুরে খোকন মিয়াকে ঘিরে দাঁড়ায় কয়েকজন। এসময় একজন খোকন মিয়াকে ঘুষি মারে। আরেকজন ছুরিকাঘাত করতে থাকে। অন্য আরেকজন তালার চাবি দিয়ে ঘা দিতে থাকে। রক্তাক্ত খোকন মিয়াকে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

খোকন মিয়ার চাচাতো ভাই মাসুক মিয়া জানান, গ্রামের লাল মিয়ার সঙ্গে বাড়ীর জায়গা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে মামলার তারিখে এসেছিলেন তারা। তিনি আদালত প্রাঙ্গণের এক দোকানে বসেছিলেন। তার পাশ থেকেই খোকন মিয়া ওঠে আসেন। এসময় লাল মিয়ার ছেলে ফয়েজ, ইসরাইল, বাদশা মিয়ার ছেলে সাহান, আফরোজ মিয়ার ছেলে সেবুল ও সাজিদ তার ভাই খোকন মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. রবীন্দ্র তালুকদার জানান, গুরুতর আহত খোকন মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে।

পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাৎক্ষণিক ফয়েজ আহমদ, সাজিদ মিয়া ও সেবুল মিয়াকে আটক করা হয়েছে।