অদ্ভুত কারণে লেভানডফস্কির জার্সি বিক্রি করতে পারছে না বার্সা!

রবার্ট লেভানডফস্কি বার্সেলোনায় এসেছেন ঠিকই। সচরাচর যেটা হয় নতুন কোনো ফুটবলার আসলে তার নামসংবলিত জার্সি বেচা শুরু করে। কিন্তু লেভানডফস্কির জার্সি এখনো বিক্রি করতে পারছে না বার্সা। ক্যাম্প ন্যুতে গিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে কাতালান ভক্তদের। কারণটাও অদ্ভুত!

লেভানডফস্কির নামের ইংরেজি বানানে দুটো ‘ডব্লিউ’ বর্ণ আছে। ‘ডব্লিউ’ স্পেনে খুবই বিরল একটি অক্ষর। সেখানে কম সংখ্যক মানুষই আছেন যে নামে এই বর্ণটি ব্যবহার করেন। তাই পর্যাপ্ত ‘ডব্লিউ’ না থাকায় লেভানডফস্কির নামসংবলিত জার্সি বাজারে ছাড়তে পারছে না বার্সা। গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভক্তদের সামনে এই স্ট্রাইকারকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি।

তিন বছরের চুক্তিতে ৪৭৩ কোটি টাকার বিনিময়ে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় আসেন লেভানডফস্কি। ইতিমধ্যে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রে চলা বার্সার প্রাক মৌসুম প্রস্তুতিতে। আগামী ২৪ জুলাই প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। সেই ম্যাচে খেলতে মুখিয়ে আছেন লেভানডফস্কি।

নতুন মৌসুমের আগে এবারের দলবদলে বেশ সরব বার্সা। হারানো গৌরব ফিরিয়ে আনতে লেভানডফস্কির পাশাপাশি রাফিনহা, ক্রিস্টেনসেনকেও দলে ভিড়িয়েছে তারা। তাছাড়া ছেড়ে না দিয়ে উল্টো নতুন চুক্তি করেছে ওসমান দেম্বেলের সঙ্গে।