আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস)-এর সঙ্গে বাংলাদেশি পার্টনার ২৫ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা সম্পর্ক জোরদারকরণ এবং যৌথ গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর ইএমকে সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এআইবিএস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আমেরিকাস অনুবিভাগের সহকারী সচিব তারিক মাহমুদ পাশা, আমেরিকান অ্যাম্বাসি প্রতিনিধি রায়হানা সুলতানা, সংস্কৃতি বিষয়ক স্পেশালিস্ট ও খাদিজা মোহামুদ, সহকারী সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা এবং ২৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগের সভাপতি ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে অধ্যাপক রীয়াজ বলেন, ‘এআইবিএস উচ্চ শিক্ষার একটি সংঘ, যা পেশাগত উন্নয়নের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি পার্টনার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ফ্যাকাল্টি বিনিময়, ফেলোশিপ, গবেষণা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া প্রকাশনা, লেকচারশিপ, সেমিনার ও কনফারেন্স আয়োজনের ব্যবস্থা করে থাকে।’
এ সময় তারিক মাহমুদ পাশা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে তিনি ফেলোশিপ প্রদান ও স্কলার আদান-প্রদানের জন্যে এআইবিএসকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি ঢাকার প্রতিনিধিরা বাংলাদেশিদের জন্যে গৃহীত বিভিন্ন পেশাগত উন্নয়ন ও স্কলারশিপ কর্মসূচি তুলে ধরেন। সভায় উপস্থিত ২৩টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তাদের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অ্যাকাডেমিক ও পেশাগত উন্নয়ন এবং যৌথ গবেষণা কার্যক্রম ভবিষ্যতে কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে নানা দিক-নির্দেশনা ও সুপারিশ তুলে ধরেন।
এছাড়া সভায় এআইবিএস-এর কয়েকজন ফেলো উপস্থিত ছিলেন। তারা তাদের অনুভূতি, অভিজ্ঞতা ও গবেষণা কার্যক্রম বর্ণনা করেন। এ সমস্ত ফেলোলিপের অর্থ প্রদানের জন্যে অধ্যাপক রীয়াজ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এআইবিএস-এর সঙ্গে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ মোট ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনির্ভাসিটি, শিকাগো ইউনির্ভাসিটি, কলম্বিয়া ইউনির্ভাসিটি, জর্জ ম্যাশন ইউনির্ভাসিটি, কর্নেল ইউনির্ভাসিটি, জন হপকিন্স ইউনির্ভাসিটি, ক্যালিফোর্নিয়া ইউনির্ভাসিটিসহ মোট ২৫টি বিশ্ববিদ্যালয় মেম্বর ইনস্টিটিউশনস হিসাবে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছে।