ইন্টার মিয়ামির বিপক্ষে বার্সেলোনার জার্সিতে অভিষেকেই নজর কেড়ে নিতে সক্ষম হয়েছেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার রাফিনহা। একটি গোল নিজে করার পাশাপাশি করিয়েছেন আরও দুইটি। ওইদিন আরও একটি কারণে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি।
আগামী শনিবার লাস ভেগাসে চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। মৌসুমের প্রথম এল ক্লাসিকো নিয়ে ভক্তদের পাশাপাশি খেলোয়াড়দের মাঝেও কাজ করছে উত্তেজনা। সেটি প্রকাশ করতে গিয়েই একটি মন্তব্য করে রিয়াল সমর্থকদের তোপের মুখে পড়েছেন রাফিনহা।
মঙ্গলবার ইন্টার মিয়ামির বিপক্ষে ৬-০ গোলে জেতার পর এক ভিডিও বার্তায় রাফিনহা বলেছিলেন, রিয়াল মাদ্রিদ থেকেও বার্সেলোনা ভালো দল। অথচ তিনি রিয়ালের বিপক্ষে কখনোই খেলেননি। তবে এখন আবার সুর পাল্টিয়েছেন এই তরুণ। দাবি করেছেন, তিনি নাকি এমন কোনো মন্তব্য করেননি। মিডিয়া তার বক্তব্য বিকৃত করেছে বলে অভিযোগ এই ফরোয়ার্ডের। বার্সেলোনাও একই অভিযোগ করেছে।
মার্কা জানিয়েছে, নতুন এক ভিডিও বার্তায় রাফিনহা বলেন, ‘আমরা সবসময় ক্লাসিকো খেলতে এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চাই। আমি এই ম্যাচগুলো খেলার জন্য অপেক্ষায় আছি। কারণ, আমার কাছে তারা সেরা।’