পিএসজিতে শৃঙ্খলা আনতে তিন নতুন নিয়ম জারি করলেন কোচ

ক্রিস্তফ গালতিয়েকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে নাসের আল খেলাইফির স্পষ্ট বার্তা ছিল, পিএসজিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে। এবং নতুন কোচ তার ছাপ রাখতে কোনো সময় অপচয় করলেন না। ক্লাব সবসময়ই যেকোনো খেলোয়াড় থেকে বড়। এটা এমন কিছু যা ড্রেসিং রুমের সবাই জানে।

বর্তমানে প্রাক মৌসুমের প্রস্তুতি নিতে জাপান সফরে রয়েছে পিএসজি। খেলোয়াড়রাও নতুন কোচের অধীনে কাজ করার কৌশল শিখে নিচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে পিএসজি সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে যে, ক্লাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন তিনটি নিয়ম জারি করেছেন কোচ।

নিয়ম তিনটি হলো-

অনুশীলনে দেরিতে পৌঁছালে শাস্তি: প্রতিদিন ফুটবলারদের সকাল ৮.৩০- ৮.৪৫ এর মধ্যে অনুশীলনে পৌঁছাতে হবে। যদি কেউ কোনো কারণ ছাড়া দেরি করে, তাহলে শাস্তি হিসেবে তাকে ওইদিন অনুশীলন করতে দেওয়া হবে না এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

খাবারের সময় কোনো ফোন নয়: সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চের সময় ফুটবলাররা তাদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। দলের মধ্যে আরও শৃঙ্খলা ও একতা আনতে চান গালতিয়ে।

একসঙ্গে খাবার খাওয়া: পিএসজির প্রতিটি খেলোয়াড়কে একসঙ্গে একটি গ্রুপ হিসেবে খাবার খেতে হবে।

এদিকে, নতুন নিয়মের সঙ্গে ফুটবলাররাও বেশ ভালোভাবে মানিয়ে নিচ্ছে বলে জানা গেছে। তারা এটিকে পজিটিভভাবে নিচ্ছে। এমনকি অনুশীলনে দেরিতে আসেন বলে নেইমারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেটি এখন আর নেই বলে খবর। ব্রাজিলিয়ান সুপারস্টার ক্লাবে থাকতে চায় এবং শৃঙ্খলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।