সাউথ এশিয়ান ফুটবল, সাফের ছোটদের আসরে খেলবে বাংলাদেশ। সঙ্গে শক্তিশালী ভারত, মালদ্বীপ, নেপাল ছাড়াও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা খেলবে সাফের এই আসরে। খেলা হবে ভারতের ভুবনেশ্বরে। ২৫ জুলাই শুরু হয়ে ৫ আগস্ট শেষ হবে। শেষ বার খেলা হয়েছিল ২০১৯ সালে। করোনার কারণে পেছাতে পেছাতে এবার ভারতের ওড়িশার ভুবনেশ্বরে কালিঙ্গা স্টেডিয়ামে বসতে যাচ্ছে সাফের আসর।
গত আসরে বাংলাদেশ ফাইনাল খেলেছিল ভারতের বিপক্ষে। হেরে গিয়েছিল ২-১ গোলে। সেই আফসোস এখনো পোড়াচ্ছে ফুটবলারদের। এবার শক্তিশালী দল নিয়ে যেতে পারছে না বাংলাদেশ। যে কারণে ফুটবলাররা সরাসরি বলতেও পারছেন না, তারা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। অধিনায়ক তানভির হোসেন এবং সহঅধিনায়ক মইনুল ইসলাম মইন বললেন ফাইনাল খেলবেন। তানভির অবশ্য পরে কথাটা ঘুরিয়ে বললেন, ‘আসলে আমরা একটা একটা করে ম্যাচ ওপরে উঠতে চাই বলে এখন ফাইনালের টার্গেট করছি। আমাদের কয়েক জন ফুটবলার দলে নেই। তারা ক্লাব থেকে আসতে পারেননি। না আসতে পারলেও এখন যারা আছেন তাদের নিয়েই আমরা শক্তিশালী ফুটবল উপহার দিতে চাই।’
খেলোয়াড় ছাড়েনি তিন ক্লাব। বসুন্ধরা কিংস, মোহামেডান এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। সংবাদ সম্মেলনে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বললেন, ‘আমরা ক্লাবগুলোর কাছে খেলোয়াড় চেয়েছি তারা দেয়নি। ক্লাবগুলোকে আনুষ্ঠানিক ভাবে পত্র দিয়েছি। তারাও পত্র দিয়ে অপরাগতা জানিয়েছে।’ সোহাগ জানান লিগের শেষ ম্যাচ পর্যন্ত জিততে চায় কিংস। মোহামেডান লিগের পজিশনে আরও ওপরে উঠতে চায়, তারা খেলোয়াড় দিতে রাজি না।’ মোহামেডানের মোরসালিন, রাজিব এবং আসিফ। শেখ রাসেলের একজন, বসুন্ধরা কিংসের ইয়াসিন আরাফাত এবং রিমনকে নেওয়ার কথা ছিল। দেশের স্বার্থের কথা বিবেচনা করেনি ক্লাবগুলো। জাতীয় স্বার্থের প্রতি অনীহা, খেলোয়াড় ছাড়েনি তিন ক্লাব।
দুই ম্যাচ হাতে রেখে বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত করে ফেলেছে। তারা এখন শেষ দুই ম্যাচ (আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব) হেরে গেলেও কিছু যায় আসে না। কিন্তু বসুন্ধরা কিংস এই দুই ম্যাচ জেতার জন্য মরিয়া। কিংসের সভাপতি ইমরুল হাসান জানালেন দলের প্রয়োজনে তার দুই ফুটবলারকে ছাড়তে পারছেন না। লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে গেছে এখন কি ছাড় দেওয়া যায় না? ইমরুল বললেন, ‘আবাহনীর বিপক্ষে ম্যাচ আছে শেখ জামালের বিপক্ষে খেলতে হবে। আমি সব ম্যাচ জিততে চাই।’ মুন্সীগঞ্জে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-০ গোলে জিতে লিগ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ইয়াসিন আরাফাত লালকার্ড পেয়েছিলেন। তিনি আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না। ইমরুল বললেন, ‘শেখ জামালের বিপক্ষে খেলতে পারবে। রিমন খেলবে আবাহনীর বিপক্ষে। আমার এই দুই উইংব্যাক দলের গুরুত্বপূর্ণ ফুটবলার।’ পাল্টা বাফুফেকে প্রশ্ন করে ইমরুল বললেন, ‘রিমন এবং ইয়াসিন আরাফাত জাতীয় দলে খেলেন। তারা কেন বয়স ভিত্তিক ফুটবলে খেলবেন।’ ভারতগামী দলে বাফুফের একাডেমির ১২ জন ফুটবলার রয়েছেন। প্রিমিয়ার লিগের ৬ জন এবং চ্যাম্পিয়নশিপ লিগের ৪ জন খেলবেন। এবারই প্রথম বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পলস্মলিকে অনূর্ধ্ব-২০ সাফ দলের কোচ করা হয়েছে।
দলের তালিকায় যারা রয়েছেন :
গোলকিপার ইমন, আসিফ, শান্তু কুমার রায়| রক্ষণে তানভির হোসেন (অধিনায়ক), ইমরান খান, আশিকুর রহমান, স্যামুয়েল রাকসাম, শাহিন আহাম্মদ, রাজন হাওলাদার, আজিজুল হক অনন্ত, সিরাজুল ইসলাম রানা, সজল ত্রিপুরা, নাজমুল হুদা ফয়সাল, আক্কাস আলী, মজিবর রহমান জনি, মইনুল ইসলাম মইন (সহ-অধিনায়ক), শহিদুল ইসলাম, নাহিয়ান, মুরশেদ আলী, রফিকুল ইসলাম, সাজেদ হাসান জুম্মন, পিয়াস আহমেদ নোভা, মিরাজ ইসলাম| বিজন বড়~য়া (ম্যানেজার), রাশেদ আহমেদ পাপ্পু (সহকারী কোচ), বিপ্লব ভট্টাচার্য (গোলকিপিং কোচ), ইভান রাজলগ (ফিটনেস কোচ), ইলিয়াস আহমেদ (ফিজিও)।