কেউ নির্বাচনে না এলে বুঝতে হবে তাদের সক্ষমতা নেই: হানিফ

আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো দলের জন্য আটকে থাকবে না, যথা সময়েই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩-আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, নির্বাচনে কোনো দল যদি অংশগ্রহণ না করে তাহলে বুঝতে হবে তাদের নির্বাচনে আসার সক্ষমতা নেই।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচনকে অধিক গ্রহণযোগ্য করার জন্য ও ত্রুটিমুক্ত করার পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় তাহলে সেটা তাদের ব্যাপার।

তিনি বলেন, তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়।

কোনো দলের নির্বাচনের সংলাপে না আসা নিয়ে কোনো সংকট দেখছেন না জানিয়ে হানিফ বলেন, জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি আছে। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা শুধুই রাজনৈতিক। এটা কোনো সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক। সংসদ নির্বাচনে কোনো দল যদি অংশগ্রহন করতে না চায় তাহলে বুঝতে হবে সেই দল নির্বাচন করার সক্ষমতা হারিয়ে ফেলেছে।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।