নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা আইন থাকলেও এসব আইন প্রয়োগে নানা ধরনের বাঁধা রয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
তিনি বলেন, আমরা আমাদের কাজের মধ্য দিয়ে এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে নারীর প্রতি কোনো সহিংসতার ঘটবে না, নারীর জীবন হবে নিরাপদ এবং তার সকল অধিকার বাস্তবায়িত হবে। নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় নানা আইন থাকলেও আইন প্রয়োগে নানা বাধা আছে, এতে নির্যাতনের শিকার অনেকে বিচারের দ্বারস্থ হচ্ছেনা। নারী তার অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে লড়াই করতে প্রস্তত হলেও আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র তাদের যথাযথ সহযোগিতা করছে না। এই অবস্থার পরিবর্তনে আমাদের তৃণমূল থেকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে।
শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় মহিলা পরিষদের উদ্যোগে “নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলি” শিরোনামে আয়োজিত এক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। নারীর মানবাধিকার সুরক্ষায় নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের ২৭টি জেলাশাখার নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বর্তমান কোভিড মহামারী সংকটসহ নানা সংকটজনক পরিস্থিতিতে নারীরা নানান মাত্রায় সহিংসতার শিকার হচ্ছে। প্রতিনিয়ত নারী ও কন্যার প্রতি চলমান এই সহিংসতা প্রতিরোধ ও বৈষম্যকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক ও নারী-পুরুষের সমতাপূর্ণ সমাজ গঠন করতে হলে ধর্মের ভিত্তিতে নয় মানুষ হিসেবে আমাদের যেসব অধিকার আছে তা আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী সিননোমে মারমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম।