কমিল্লার দেবিদ্দারে প্রাইভেট কার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
রবিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে গিয়াস উদ্দিন ফরাজী (৫০), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সাহারপাড় এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। এতে ওই প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী এবং শ্যালিকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গিয়াস উদ্দিন ফরাজী নিজে গাড়িটি চালাচ্ছিলেন। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।