সঠিক দায়িত্ব পালনে দোয়া চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে সিইসি বলেন, ‘সংসদ নির্বাচন একটি কঠিন ও জটিল কর্মযজ্ঞ। সবার আন্তরিকতা থাকলে এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞ অসাধ্য নয়।’
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মতো এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞে সবার আন্তরিকতা প্রয়োজন। আমাদের সহকর্মীরাও বলেছেন যে, আল্লাহর রহমত ও দয়া যদি না থাকে আমাদের জন্য বিষয়টি কঠিন হবে। কাজেই আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যেনো আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে পালন করতে পারি।’
সিইসি আরও বলেন, ‘কমিশন তার দায়িত্ব ও ক্ষমতা সংবিধান, আইন ও বিধির আলোকে প্রয়োগ করবে। আপনারা আমাদের যে দায়িত্বের কথা বলেছেন, সেগুলো আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আপনাদের লিখিত, মৌখিক মতামত পেয়েছি। এটা আমরা পরবর্তীতে পর্যালোচনা ও বিবেচনা করবো অবশ্যই।’