বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার (২৬ জুলাই) থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও রংপুর ৫৮, ডিমলায় ৫৬, কক্সবাজারে ৫৩, বগুড়ায় ৪৯, সৈয়দপুরে ৪৬, টেকনাফে ৪৪, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৪০, ও সিলেটে ৩৭  মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানায়।  

এদিকে রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
আজ কক্সবাজারে সর্বনিম্ন ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাজশাহীতে  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরণের সক্রিয় রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ২৫ মিনিটে।