প্রথম ধাপে পছন্দের কলেজ পেল না ৯৭ হাজার শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তি

ইত্তেফাক রিপোর্ট

একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম দফায় আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন পছন্দের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তবে আবেদন করেও ভর্তি থেকে বঞ্চিত হয়েছেন ৯৭ হাজার ৮১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তার মধ্যে জিপিএ-৫ ধারী রয়েছে ৪ হাজার ৫৭২ জন। তবে প্রথম ধাপে যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হননি তারা দ্বিতীয় ধাপে আবারও আবেদন করার সুযোগ পাবেন।

রবিবার রাতে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে মোট ১৪ লাখ ১৫ হাজার ৮৭৬ জন আবেদন করেন। তার মধ্যে মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন তাদের পছন্দের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

ভর্তি বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ ধারী রয়েছে ৪ হাজার ৫৭২ জন। এদের মধ্যে ঢাকা বোর্ডে ১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী তাদের পছন্দমতো কলেজে ভর্তি হতে পারছেন না।

প্রথম দফায় মনোনীতদের ১১ জুন থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। আর এ প্রক্রিয়া সম্পন্ন করতে টেলিটক বা মোবাইল ব্যাংকিং রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা ফি পরিশোধ করতে হবে। এ প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করতে না পারলে মনোনয়ন বাতিল হয়ে যাবে। তার আবেদনটিও বাতিল হয়ে যাবে।

গত ২৩ মে শেষ দিন পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও একটি মাদরাসা বোর্ডের অধীনে থাকা কলেজগুলোতে ভর্তির জন্য মোট আবেদন করেন প্রায় ১৪ লাখ ভর্তিচ্ছু। এদের মধ্যে অনলাইনে আবেদন করেছেন ১০ লাখ ৩৯ হাজারের বেশি এবং এসএমএসের মাধ্যমে ৩ লাখ ৬৫ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। শুধু ঢাকা বোর্ডেই ৩ লাখ ৯৫ হাজারের বেশি ভর্তিচ্ছুক একাদশে ভর্তির আবেদন করেছেন।

আগামী ১৯ ও ২০ জুন দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। আগামী ২১ জুন রাত ৮টার পর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। ২২ ও ২৩ জুন দ্বিতীয় পর্যায়ের সিলেকশন নিশ্চিত করতে হবে।

আগামী ২৪ জুন রাত ৮টার পর থেকে তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৫ জুন রাত ৮টার পর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে।

আগামী ২৭ থেকে ৩০ জুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।