বিদ্যুৎ সাশ্রয়ে ৪ দিন সশরীরে ও একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিশেষ অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন বলেন, সরকারের কৃচ্ছ্রসাধন নীতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো অধিক দায়িত্বশীল প্রতিষ্ঠান। সংকট নিরসনে আমাদেরকেই নেতৃত্ব দেওয়া উচিত। এছাড়াও বুয়েটও সকল ক্লাস অনলাইন নেওয়ার ঘোষণা দিয়েছে।
সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে তিনি বলেন, আগস্টের ১ তারিখ থেকে এ নীতি কার্যকর হবে। শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। প্রত্যেক বিভাগের চেয়ারম্যান ও ডিনদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।