দেবিদ্বারে ছুরিকাঘাতে যুবক আহত

কুমিল্লার দেবিদ্বারে মো. নাঈম (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) জাফরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত যুবককে উদ্ধার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত নাঈম জানান, আগের একটি মারামারি ঘটনায় থানায় মামলার এজাহারে নাম দেওয়া ও বাদ দেওয়া নিয়ে চেয়ারম্যান জাহিদের লোক আল আমিন (১), দ্বীন ইসলাম, হালিম মেম্বার, আল আমিন (২), শুভ, সুমন, শাহ পরান আমাকে কিলঘুষি ও লাথি মারে। পরে আল আমিন পকেট থেকে ছুরি বের করে আমার পিটে নিচে আঘাত করে। এসময় জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদ আলম পকেটে পিস্তল নিয়ে সামনে উপস্থিত ছিলেন। 

পরে তার লোকজনই কোথায় থেকে একটি সিএনজি এনে আমাকে ধরাধরি করে সিএনজিতে তুলে জাফরগঞ্জ বাজার থেকে চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তায় সিএনজির গতিরোধ করে পিছনে কয়েক পিস ইয়াবা ও গাঁজার একটি পোটলা রেখে থানা পুলিশকে খবর দেয়। আমি কখনই এসবে জড়িত না। তারা আমাকে ছুরিকাঘাত করে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। 

হাসপাতালের চিকিৎসক ডা. তানজিম রহমান রিমু বলেন, আহত যুবকের পিটের নিচের অংশের ভেতরে ও বাইরে প্রায় ৩৫টি সেলাই লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত নাঈমের বাবা এজু মিয়া বলেন, পূর্বের মারামারির জেরে দুপুরে বাজারে প্রকাশ্যে আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে। আমি দোষীদের বিরুদ্ধে থানায় মামলা করব।   

আহত যুবককে দেখতে গিয়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী বলেন, যারা নাইমকে ছুরিকাঘাত করেছে তারা সবাই বিএনপি ও ছাত্রদলের ক্যাডার।সঠিক তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে চেয়ারম্যান জাহিদ আলম মোবাইল ফোনে বলেন, ছেলেটা এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাকে ইউপি সদস্যসহ আমরা কয়েক দফায় চেষ্টা করেও থামাতে পারিনি। ব্যবসাটা সে কন্টিনিউ করেই যাচ্ছে। তবে আমার সামনে  মারামারি হয়নি। তার পকেট থেকে নিচে মাদক পড়ে যাওয়ায় লোকজন তাকে মেরেছে। 

আপনার পকেটে নাকি পিস্তল ছিলো? এ প্রশ্নের উত্তরে চেয়ারম্যান জাহিদ হেসে বলেন, আপনি একজন সাংবাদিক হয়ে কিভাবে চিন্তা করলেন একজন চেয়ারম্যান পিস্তল নিয়ে ঘুরবো? এমন প্রশ্ন করবেন না, এগুলো শুনলেও নিজের কাছে আনইজি লাগে, আপনি একজন সাংবাদিক মানুষ বুঝেন না ? কোথায় পান এ গুলা? বলে লাইন কেটে দেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ছুরিকাঘাতে একজন যুবক আহত হয়েছে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। আহত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত কিনা বা তার সাথে মাদক পাওয়া গেছে কিনা, সে বিষয়টি তদন্ত করে জানানো হবে।