কুমিরের আক্রমণের শিকার গরু!  

মোংলায় সুন্দরবনের শ্যালা নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে একটি গরু। কুমির গরুটির পেছনের রান ও দুই পা কামড়ে জখম করে। পরে বনবিভাগ গরুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের বোটম্যান মো. মিজানুর রহমান বলেন, রবিবার (২৩ জুলাই) বিকাল ৫টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার চাঁদপাই ফরেস্ট লঞ্চঘাট সংলগ্ন শ্যালা নদীর তীরে একটি গাভী পানি খেতে নামে। এসময় শ্যালা নদীর ওই জায়গায় থাকা একটি বড় কুমির গরুটির উপর আক্রমণ করে। গরুর পেছনের ডান রানে কামড়ে ধরে টানতে থাকে। আর গরুটিও ছাড়িয়ে যাওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকে। 

মিজানুর রহমান আরও বলেন, এসময় গরুর রানে কামড়ে থাকা অবস্থায় কুমিরও প্রায় অর্ধেক পরিমাণ তীরে উঠে যায়। কুমির ও গরুর ধস্তাধস্তি এবং গরুর ডাকে লঞ্চঘাটের লোকজন ছুটে আসে। পরে লোকজনের তাড়া ও শব্দে কুমির গরুটিকে ছেড়ে নদীতে চলে যায়। পরে গরুটি সেখান থেকে উদ্ধার করে এনে মালিকের কাছে দিয়েছি। মালিক গরুর চিকিৎসার জন্য দ্রত পশু হাসপাতালে নিয়ে গেছেন। 

বনবিভাগের এই বোটম্যান বলেন, কুমিরে গরু ধরার খবর পেয়ে স্টেশনের অপর বোটম্যান সুলতান মাহমুদ ও বনপ্রহরী অসিম কুমার গিয়প গরুটি উদ্ধার করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গরুর মালিকের কাছে হস্তান্তর করি। এ গরুর মালিক হলো জয়মনি এলাকার নাগেরপুকুর পাড়ের শ্যামল মজুমদার। 

কুমিরের আক্রমণে গরুটির পেছনের রান ও দুই পাসহ শিরায়ও মারাত্মক জখম হয়েছে। রান ও পায়ের কয়েক জায়গার মাংস কামড়ে থেতলে গেছে। ওই গাভী গরুটির পেটে ৫ মাসের বাচ্চা রয়েছে বলেও জানান তিনি।