সাত বছর পরে ইয়ার্ন মার্চেন্টে নির্বাচনী হাওয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাত বছর পরে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের টানবাজারে সুতা ব্যবসায়ীদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘ সাত বছর পরে অনুষ্ঠিতব্য নির্বাচনে দুটি প্যানেল থেকে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে সর্বশেষ ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছিলেন। মাঝখানে দুবার নির্বাচন অনুষ্ঠিত হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল পুরো প্যানেলের ১৮ জন প্রার্থী।

জানা গেছে, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সাধারণ গ্রুপে ১২ জন ও অ্যাসোসিয়েট গ্রুপ ৬ জন নির্বাচিত হন। এই ১৮ জন পরিচালকের মধ্য থেকে সভাপতি ও দুজন সভাপতি নির্বাচিত হন। সাধারণ গ্রুপে এম সোলায়মানের প্যানেল থেকে ওই সময় আটজন ও বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলমের প্যানেল থেকে চারজন নির্বাচিত হলেও অ্যাসোসিয়েট গ্রুপের ছয়জন জাহাঙ্গীর আলমকে সমর্থন দেওয়ায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাহাঙ্গীর আলম।

এদিকে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯-২০২১ইং এর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার সুতা ব্যবসায়ীদের ২টি প্যানেলের মোট ৩৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে জমা দেন। এর মধ্যে জেনারেল গ্রুপের ২৪ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপের ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন।