চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডালিম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় মো. শামীম রেজা (৩০) নামে অপর এক ব্যাক্তি আহত হয়েছেন। সোমবার (২৫ জুলাই) রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ডালিম হোসেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে। অপর দিকে আহত মো. শামীম রেজা একই এলাকার মো. দুরুল হোদার ছেলে।
স্থানীয় ফায়ারসার্ভিস সূত্র জানায়, রাত ৮ টার দিকে মহাসড়কের পাশে দুই জন আরোহী সহ দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ১ জন নিহত ও অপর জন আহত হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। আহত ব্যক্তিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।