চলতি সপ্তাহে মুখোমুখি মোদি ও জিনপিং

সাংহাই শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন দুই রাষ্ট্রনেতা। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বার ক্ষমতাসীন হওয়ার পর এটাই হতে পারে জিনপিংয়ের সঙ্গে মোদির প্রথম সাক্ষাত্। —আনন্দবাজার পত্রিকার খবর

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানিয়েছেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিরঘিজস্তান যাবেন জিনপিং। আগামী ১২ জুন থেকে ১৬ জুন কিরঘিজস্তান ও তাজাকিস্তান সফর করবেন তিনি। কিরঘিজস্তানের বিশকেক-এ আগামী ১৩ ও ১৪ জুন এসসিও সম্মেলন অনুষ্ঠিত হবে। চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরি গত সপ্তাহে জানিয়েছেন, মোদি এবং শি জিনপিং ওই সম্মেলনের ফাঁকে সাক্ষাত্ করবেন।

গত বছরের উহানে দুই রাষ্ট্রনেতার বৈঠকে যথেষ্টই সফল হয়েছিল। ওই বৈঠকের কথা উল্লেখ করে মিসরি বলেন, ‘বিভিন্ন বহুপক্ষীয় সম্মেলনে গত বছর দুই নেতা চার বার মিলিত হয়েছিলেন।’ এ বার বিশকেক-এ আবার মোদি-জিনপিং বৈঠক করবেন বলে জানান তিনি।

ভারতের উপর থেকে ‘জেনারেইলাজড ট্রেডিং প্রেফারেন্স’-এর সুবিধা প্রত্যাহার করেছে আমেরিকা। যা মোদির সরকারের কাছে নিঃসন্দেহে দুঃসংবাদ। বেজিংয়ের উপর আরো চাপ বাড়াতে আমেরিকা ২০,০০০ কোটি ডলার চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। ফলে বাড়ছে শুল্ক-যুদ্ধের উত্তাপ। এই পরিস্থিতিতে মোদি-জিনপিং বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়। সাউথ ব্লক সূত্রের খবর, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই দুই রাষ্ট্রনেতার বৈঠকে শুল্ক-যুদ্ধের প্রসঙ্গও উঠে আসবে।