বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে রয়েছে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশ সরকার পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর আস্থা রেখে। গত রবিবার (২৪ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসের লাকর্নভে ইউরো বাংলা প্রেসক্লাবের প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফরিদা ইয়াসমিন।
এ সময় তিনি আরও বলেন, প্রবাসীদের জন্যও সরকারের নানামুখী সেবা রয়েছে, সেই সেবার মান আরো বাড়াতে হবে। সেই সাথে প্রবাসী বাংলাদেশীদের আরো নানা ধরনের যে মৌলিক সমস্যা রয়েছে সেগুলোর বিষয়ে সরকারের আরো কাজ করার সুযোগ রয়েছে। প্রবাসীরা যেন বাংলাদেশে গিয়ে কোন হয়রানীর শিকার না হয়। কারণ প্রবাসীরা হচ্ছে আমাদের ‘রিয়েল হিরো’।
ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স ইউনিটের সহ সভাপতি এম আলী চৌধুরী ও বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের যৌথ পরিচালনায় সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে এই আন্তর্জাতিক সেমিনারে প্রবাসীদের জন্য স্বার্থ সংশ্লিষ্ট ২৫টি দাবি উত্থাপন করা হয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ বিজনেস কনসাল্টিং ফ্রান্সের সেক্রেটারী কাজী এনায়েত উল্লাহ, লেখক ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চিফ আ স ম মাসুম, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজের প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম, ব্রিটেনস্থ গ্রেটার সিলেট এসোসিয়েশন নর্থ রিজিওনের সভাপতি হাজী ফয়জুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জয়েন্ট ইউরোপ ব্যুরো চিফ আফজাল হোসেন, চ্যানেল এস লন্ডনের সিনিয়র সাংবাদিক নূরে আলম রব্বানী, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, ফ্রান্স শাহ গ্রুপ চেয়ারম্যান সাত্তার আলী সুমন, অষ্ট্রিয়া প্রবাসী সাংবাদিক মাইদুল মিয়া, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এনায়েত সোহেল , ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স ইউনিট সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল আহমেদসহ আরো অনেকে।
প্রবাসীদের নিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করা জন্য সাংবাদিকতা ও কারি শিল্পে বিশেষ অবদান রাখার জন্য সৈয়দ নাহাস পাশা, সাংবাদিকতা ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যারিটি কাজের জন্য ইস্টহ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন, ফ্রান্সের তুলুজে প্রথম বাংলাদেশের শহীদ মিনার স্থাপনের জন্য ফকরুল আকম সেলিমকে প্রবাসবন্ধু ২০২২ পদকে ভূষিত করা হয় । প্রবাসী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও উৎকর্ষের জন্য ২০১৭ সালে ইউরো বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।