মিরসরাইয়ে মাদক ব্যবসায়ীর পেটে মিললো ১৪০০ পিস ইয়াবা

অভিনব পদ্ধতিতে পেটের ভেতরে ইয়াবা নেওয়ার সময় মিরসরাইয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর মো. সজিব মিয়ার (২৬) পেট থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী এনা পরিবহনে তল্লাশি চালিয়ে সজিব মিয়াকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ। সজিব ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইছাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাঁচ কাইচাইল এলাকার মিয়া বাড়ির মতিন মিয়া প্রকাশ মধুর পুত্র। 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী এনা পরিবহনে তল্লাশি চালানো হয়। এসময় সজিব মিয়ার পেট ফুলে থাকায় তাকে মিরসরাই সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এক্স-রে করলে তার পেটে ইয়াবার খোঁজ পাওয়া যায়। পরে পায়ুপথে ইয়াবাগুলো বের করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইয়াবাগুলো ঢাকা নিয়ে যাচ্ছিলো মাদকসেবীদের কাছে বিক্রি করার জন্য। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ১৩) দায়ের করা হয়েছে।