পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বাগেরহাট: ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। বাগেরহাট-মাওয়া জাতীয় মহাসড়কে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহত যাত্রীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটের শরণখোলাগামী বাসটি সকাল ১০টার দিকে বাগেরহাট-মাওয়া জাতীয় মহাসড়কে ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছে সজোরে ধাক্কা খায়। এ সময়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু ও ২০ জন আহত হন। নিহত দুই জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাতিয়া (নোয়াখালী) : হাতিয়া পৌরসভার চৌমুহনী বাজার সংলগ্ন প্রধান সড়কে স্কুলের সামনে ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে দ্রুতগতির টমটম গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিহা আক্তারন (৭)। হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নিহা গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। সে হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. আলমগীর হোসেনের মেয়ে।

মাদারীপুর : ফরিদপুর-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পাথুরিয়ারপাড়ে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় সুমি বেগম (৪৫) নামের নারী মারা গেছেন। তার বাড়ী সদর উপজেলার কুলপুদ্দি এলাকায় এবং স্বামী খবির হোসেন মোল্লা। রাস্তা পারাপারের সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় রাতে সংকটাপন্ন অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সুমি বেগম মারা যান।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জে মোটরসাইকেল স্লিপ কেটে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউসুফ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করেছে। সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ-হরীনা সড়কের হাঁসা গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন শিশুটির লাশ উদ্ধার ও চালকসহ ট্রাক আটকের বিষয় নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়েকের শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে ডালিম হোসেন (৩০)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর একজন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।