খাসোগি হত্যার পর প্রথমবার ইউরোপে সৌদি যুবরাজ

ইউরোপ সফরে গিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যকাণ্ডের পর ইউরোপে এটিই তার প্রথম সফর। বুধবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, সফরের শুরুতেই মঙ্গলবার (২৬ জুলাই) গ্রিসে গেছেন যুবরাজ। রাজধানী এথেন্সে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী প্যানাজিওটিস পিকরামেনোস। গ্রিস সফর শেষে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে যুবরাজের।

গ্রিস সফরের প্রথম দিনই দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ বিন সালমান। এ সময় গ্রিসের মাটিতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সৌদি আরব গ্রিস এবং দক্ষিণ-পশ্চিম ইউরোপকে সস্তায় নবায়নযোগ্য শক্তি সরবরাহ করতে পারে বলেও জানান যুবরাজ।

আরব নিউজ জানিয়েছে, যুবরাজের সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ও সামরিক সহায়তার মতো বিষয়গুলোতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।