ইউক্রেনের দোনেতস্কের এক হোটেলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছে। ইউক্রেনের পূর্ব অঞ্চলের দোনেতস্কের বাখমুত শহরের ওই হোটেলে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রুশ হামলায় ইউক্রেনের দোনেতস্কের দুইতলা ভবন ধ্বংস হয়ে গেছে। এর ধ্বংসাবশেষে একজন আটকা পড়ে আছে।
স্থানীয় গভর্নর পাভলো কিরিলেনকো সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, 'প্রাথমিক তথ্য অনুসারে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চলছে।' স্থানীয় জরুরি পরিষেবা একজনের নিহতের খবর নিশ্চিত করেছে। এছাড়া এখন পর্যন্ত চারজন আহত হয়েছে বলে জানানো হোয়েছে।
তবে এই হামলা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া এই হামলায় নিহতের সংখ্যা নিয়ে আল জাজিরার পক্ষ থেকে নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।