পটুয়াখালীর বাউফল পৌর শহরের আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি শ্রেণিকক্ষের সিলিং ফ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষকসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ৬ষ্ঠ শ্রেণীর ক্লাস চলাকালীন সময় সিলিং ফ্যানে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও শিক্ষকরা জানায়, হঠাৎ ফ্যানে আগুন লাগলে আতঙ্কে কক্ষ থেকে তাড়াহুড়ো করে বেড় হতে গিয়ে মাসুমা বেগম নামের এক শিক্ষক ও মিনহা, সামিয়াসহ কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী সামিয়ার পা ভেঙ্গে যাওয়ায় তাকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষিক জাহানারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সিলিং ফ্যানে আগুন লাগার ঘটনা ঘটে।’ তিনি জানান, আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে যার যার বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।