শ্রীলঙ্কায় ফিরছেন গোটাবায়া! 

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে শিগগিরই সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। দেশটির একজন আইনপ্রণেতা এই তথ্য জানান। মঙ্গলবার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদের মুখপাত্র বান্দুলা গুনাবর্দেনা সাংবাদিকদের বলেন, রাজাপাকসে আত্মগোপনে ছিলেন না। কিন্তু তার ফিরে আসার তারিখ এখন জানা যায়নি। খবর বিবিসির। 

অর্থনৈতিক সঙ্কটের কারণে দেশটিতে তুমুল বিক্ষোভের পর গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কা থেকে পালিয়ে যান মালদ্বীপে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গোটাবায়া বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই প্রথমে মালদ্বীপে পালিয়ে যান এরপর ১৪ জুলাই সিঙ্গাপুরে যান। 

সিঙ্গাপুরে পৌঁছানোর পরেই গোটাবায়া তার প্রেসিডেন্টের পদত্যাগপত্র জমা দেন। এটি আনুষ্ঠানিকভাবে ১৫ জুলাই দেশটির মন্ত্রিসভায় গৃহীত হয়।

রিপোর্টে বলা হয়েছে, দেশ ত্যাগের সময় গোটাবায়া তার স্ত্রী ইওমা রাজাপাকসে ও দুই দেহরক্ষীকে নিয়ে যান। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন গোটাবায়া। 

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত গোটাবায়া আসার সময় তিনি কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় চাননি।  

সিঙ্গাপুরের স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, রাজাপাকসেকে সিঙ্গাপুরে থাকার জন্য প্রথমে ১৪ দিনের ভিসা দেওয়া হয়েছিল। তবে এটি এখন আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে। 

তবে গোটাবায়ার সাম্প্রতিক সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে জল্পনা চাউর হয়েছে। এর মধ্যে কিছু তথ্যে জানা যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারেন। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কান এক কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গোটাবায়া কলম্বোতে ফিরতে ইচ্ছুক। এরপরেই মঙ্গলবার বান্দুলা গুনাবর্দেনা সাংবাদিকদের বলেন, 'আমার জানামতে তিনি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।' 

কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য শ্রীলঙ্কানরা রাজাপাকসের প্রশাসনকে দায়ী করছে। কয়েকমাস থেকে দেশটির জনগণ দৈনিক বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক জিনিসের ঘাটতির সঙ্গে লড়াই করে চলেছে। 

তবে রাজাপাকসের বদলি হিসেবে তার ঘনিষ্ঠ মিত্র রনিল বিক্রমাসিংহ দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান। এরপর গত সপ্তাহে রনিল দেশটির আইন প্রণেতাদের ভোটে নির্বাচিত হয়। তবে শ্রীলঙ্কানদের কাছে রনিল ততটা জনপ্রিয় না।