সখীপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। এতে যে কোনো সময় ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল, সিফাত, মিলন ও রুমানা জানায়, ক্লাস চলাকালে মাঝেমধ্যে ছাদের পলেস্তারা খসে আমাদের মাথায় পড়ে। এতে আমাদের অনেক সহপাঠী আহত হয়েছে। 

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান বলেন, ভবন নির্মাণের পর কয়েক দফায় এটির সংস্কার করা হলেও সমাধান হয়নি। ভবনটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ তালুকদার বলেন, বিদ্যালয়ে বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী ও পাঁচ জন শিক্ষক রয়েছে। ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে ঝুঁকি নিয়েই পাঠদান চালাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, সরেজমিনে দেখে শিগ্গিরই নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা এলজিইডি প্রকৌশলী বিদ্যুত কুমার দাস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ভবনটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।