বদলগাছীতে বৃদ্ধ বাবার করা প্রতারণা মামলায় বুধবার ছেলেকে নওগাঁ কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলা সদরে জিধিরপুর গ্রামের আব্দুর রহমান সঞ্চয়পত্র থেকে ৮ লাখ টাকা উত্তোলন করেন। পরে নিজের নামে ফিক্সড ডিপোজিড করার জন্য ছেলে শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে রূপালী ব্যাংক বদলগাছী শাখায় যান। শহিদুল তার বাবার নামে ডিপোজিড না করে সুকৌশলে পুরো টাকা নিজের নামে ডিপোজিড করে। বৃদ্ধ বাবা একাধিক বার ছেলেকে বলে ও স্থানীয় চেয়ারম্যানের কাছে নালিশ দিয়েও কোনো ফল পাননি। অবশেষে গত ২৬ জুলাই আব্দুর রহমান বাদী হয়ে ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে বদলগাছী থানায় প্রতারণা মামলা দায়ের করেন।
সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আব্দুর রহমান আমার কাছে অভিযোগ দিয়েছিল। শহিদুল আমার কাছে সময় নিয়ে ৪ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করে মীমাংসা করা হয়েছিল। কিন্তু পরে আর শহিদুল টাকা না দেওয়ায় তার বাবা আব্দুর রহমান মামলা দায়ের করেন।
বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, মামলা রেকর্ড হওয়ার পর শহিদুলকে গ্রেফতার করে বুধবার নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।