লোহাগাড়ায় ১২১ চোরাই স্মার্টফোন জব্দ

লোহাগাড়ায় ব্যাগভর্তি চোরাইকৃত মোবাইল ফোনসহ মো. ইদ্রিস (৩৪) নামের এক জনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১২১টি স্মার্ট মোবাইল ফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি লোহাগাড়া উপজেলার পুটিবিলা আদর্শ পাড়ার মো. নুরুল হকের পুত্র। 

বুধবার (২৭ জুলাই) সকালে ইদ্রিসকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান। মঙ্গলবার বিকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের নেতৃত্বে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান ও এসআই নুরুন্নবীসহ পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব মোবাইল ফোনসহ তাকে আটক করে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, কুমিল্লা থেকে প্রাইভেট কারে দুই জন ব্যক্তি ট্রাভেলিং ব্যাগে করে চোরাইকৃত মোবাইল কিনে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। পরে মঙ্গলবার বিকালে আমিরাবাদ স্টেশনে থানাপুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার থামিয়ে এক জনকে আটক করে। অন্যজন কৌশলে পালিয়ে যায়। এ সময় বিভিন্ন কোম্পানির ১২১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।