কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শামুকজানি-দক্ষিণপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী যুবক মোশাররফ হোসেনকে চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গত রবিবার বিকালে তাড়াইল উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মানবাধিকার কমিশন তাড়াইল উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন তাড়াইল শাখার সভাপতি এনামুল হক ভুঁইয়া নজরুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুকুট রঞ্জন দাস, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলী হায়দার, তাড়াইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির, তাড়াইল উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাজু সিকদার, মো. আব্দুল হাই, রফিকুল ইসলাম, সাফায়েত মোহাম্মদ আকাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নির্যাতনের হুকুমদাতা দড়িজাহাঙ্গীরপুর গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা মোখলেসুর রহমান খান সাহানের গ্রেফতারসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৬ জুন সকালে দড়িজাহাঙ্গীরপুর গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা মোখলেসুর রহমান খান সাহানের বাড়িতে পার্শ্ববর্তী শামুকজানি-দক্ষিণপাড়া গ্রামের কেন্তু মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী মোশাররফ হোসনকে কথিত চুরির অভিযোগে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।