ব্রিজ নির্মাণ হলেও হয়নি দুই পাশের রাস্তা

শহিদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ প্রতিনিধি

ব্রিজ নির্মাণের দুই বছর পার হয়ে গেলেও ব্রিজের দুই পাশে রাস্তা ভরাটের কাজ হয়নি। বলছিলাম মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সরুপাই গ্রামে খালের উপর নির্মিত একটি ব্রিজের কথা। উদ্বোধনের দুই বছর পরও ব্রিজের উপর দিয়ে এখনো চলাচল করতে পারেনি কোনো যানবাহন। দুই পাশে রাস্তা না থাকাতে ব্রিজটি দিয়ে সহজে চলাচল করতে পারছে না রেরিচর, নালী, বানজান, উভাজানী, সরুপাই, ধলাইসহ আরো কয়েকটি গ্রামের মানুষ। ব্রিজ নির্মাণের পর এর দুই পাশে সামান্য কিছু মাটি ফেলা হয়েছিল। কিন্তু ওই সামান্য মাটিতে কোনো কাজ হয়নি। দুই পাশের উঁচু ঢাল বেয়ে ব্রিজে ওঠা লোকজনের জন্য রীতিমতো কষ্টকর। এ অবস্থায় ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় কয়েকজন মারাত্মক দুর্ঘটনাতেও পড়ে। সরুপাই গ্রামে জালাল মুন্সির বাড়ির পশ্চিম পাশের খালের উপর ২০১৫-২০১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরুপাই গ্রামে খালের উপর নির্মিত ব্রিজটি দিয়ে কোনো মানুষের চলাচল প্রায় নেই বললেই চলে। ব্রিজের দুই পাশ জঙ্গলে ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দা ওহাব মিয়া জানান, ব্রিজের দুই পাশে রাস্তা নির্মাণ না করায় এতে যানবাহন চলাচল করতে পারে না। অতিরিক্ত উঁচু ঢালের কারণে গ্রামের মানুষ খুব বেশি দরকার না হলে এ ব্রিজের ওপর দিয়ে চলাচল করে না। অনেকেই এ ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়েছে।

স্থানীয় কয়েকজন বলেন এত টাকা দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে মানুষের সুবিধার জন্য কিন্তু এখন উলটো অসুবিধাতেই পড়তে হচ্ছে।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবু জানান, ব্রিজের দুই পাশ মাটি দিয়ে ভরাটের কাজ শুরু হয়েছিল। কিন্তু মাটি পাওয়া যায় না বলে পুরো কাজ হয়নি। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।