পোস্তগোলা সেতু থেকে বন্ধুকে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গায় ফেলে হত্যা

নেপথ্যে পরকীয়া!

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

স্ত্রীর সঙ্গে ‘পরকিয়ায়’ বাধা দেওয়ায় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা সেতু থেকে সাগর (৩৫) নামের এক যুবককে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে হত্যা করেছে তার এক বন্ধু। রবিবার রাত ৯টার দিকে পরিকল্পিতভাবে পোস্তগোলা সেতু থেকে সাগরকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার রাতে স্থানীয় লোকজন বিষয়টি সাংবাদিকদের জানায়। তবে এদিন রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা,  সদরঘাট নৌপুলিশ থানা ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলে এমন ঘটনা সম্পর্কে তারা অবহিত নয় বলে জানায়।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে সাগরের স্বজনরা পোস্তগোলা নৌবাহিনীর ক্যাম্পের পাশে তার লাশ দেখে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দিলে থানার এসআই রাজিব এসে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক সাগরের এক বন্ধু সাংবাদিকদের জানান, সাগরের স্ত্রীর সঙ্গে ওই বন্ধুর পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর সাগর তাকে সতর্ক করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই বন্ধু তাকে বেড়ানোর কথা বলে পোস্তগোলায় নিয়ে সেতু থেকে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গায় ফেলে দেন। সাগরের পিতার নাম লাবিব উদ্দিন, তিনি রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫নং বেগমগঞ্জ এলাকার বাসিন্দা।

এদিকে লাশ উদ্ধারকারী এসআই রাজিব হত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পারিবারিক কলহের জের ধরে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সুমন।