বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে পুরুষ এককে বাংলাদেশ পুলিশের খন্দকার আবদুস সোয়াদ ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তার।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। ফেডারেশন সভাপতি, তথ্য কমিশনার ড.আবদুল মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সরদার।
প্রতিযোগিতায় পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থার মিজানুর রহমান ও রাহাতুল নাইম জুটি। নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তার ও রেশমা আক্তার জুটি। মিক্স দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমি ঝুমার ও বৃস্টি খাতুন জুটি।
পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে ৭টি বিভাগ, ৫৪টি জেলা, ৫টি বিশ্ববিদ্যালয়, ২টি শিক্ষা বোর্ড ও ৩টি সার্ভিসেস দলসহ মোট ৭১টি দলের ৩১৩ জন পুরুষ ও ৬৪জন মহিলাসহ মোট ৩৭৭ জন শাটলার অংশ গ্রহণ করেছে।