ইত্তেফাক রিপোর্ট
সাভারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিপক হোসেন দিপু (২০) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা রবিবার রাতে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের দক্ষিণ সান্দারগ্রাম বেদেপাড়ায় এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দিপু ঢাকার কেরানীগঞ্জ থানার হযরতপুর গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, শিশুটির মাছ ব্যবসায়ী বাবা শনিবার সন্ধ্যায় মাছ বিক্রি করে বাসায় ফেরেন। এসময় তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়ে থাকলেও ৬ বছরের শিশু মিথিলা ঘরে ছিল না। পরবর্তীতে তিনি মেয়ের নাম ধরে ডাকাডাকি করে আশপাশে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে প্রতিবেশী মোঃ হায়াত আলীর ঘরের দিকে গেলে হঠাত্ বখাটে দিপুকে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে তিনি ওই ঘরে প্রবেশ করে মেয়েকে বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে চিত্কার করতে দেখেন। এরপর তিনি প্রতিবেশীদের ডেকে এনে তাদের সামনে মেয়ের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। মেয়েটি তখন জানায়, মোবাইলে গেমস খেলতে দেওয়ার কথা বলে দিপু তাকে ওই ঘরে নিয়ে যায় এবং ঘরের দরজা আটকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের পর কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে দিপুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।