চাপে পড়ে ঘুষ ফেরত দিলেন ইউপি সদস্য!

বিরোধ মীমাংসার আগেই অভিযোগকারীদের কাছ থেকে ঘুষ নেন এক ইউপি সদস্য। চাপে পড়লে তা ফেরতও দেন।

সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও করোনাকালে অসহায় ব্যক্তিদের সরকারি আর্থিক প্রণোদনা আত্মসাতের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কয়েক দফা কারণ দর্শাও নোটিশ দেয় তার বিরুদ্ধে। তিনি হলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছানোয়ার হোসেন খান। 

সর্বশেষ মানুয়ারা খাতুন নামে আঠালিয়া গ্রামের এক নারী সহকারী পুলিশ সুপারের (সিংগাইর সার্কেল) কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। বলা হয়—তার নাতি রনি শেখকে বিয়ে দেন। কিছুদিন পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে আপস-মীমাংসার লক্ষ্যে ছানোয়ারের শরণাপন্ন হন তিনি। বিরোধ নিষ্পত্তির আশ্বাসে ছানোয়ার তার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েও টালবাহানা করেন। টাকা ফেরত চাইলে মারপিটসহ বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। 

অবশেষে সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হকের হস্তক্ষেপে থানার এক এসআইয়ের চাপে গত বুধবার তা ফেরত দেন। জানা গেছে, এর আগেও তিনি এক ভ্যানচালকের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নিয়ে চাপে পড়ে ফেরত দিয়েছেন।