জনশুমারির সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেখানে আমরা হিসাব করি ১৮ কোটি মানুষ, সেখানে দেখানো হয়েছে ১৬ কোটি। যে কোনো মানুষই বুঝবে, এর ফলে মাথাপিছু আয় বেশি দেখানোর সুযোগ হবে। তারা নিজেরাই স্বীকার করেছে যে, জনশুমারির এসব তথ্য সঠিক হয়নি। বাড়ি বাড়ি তারা যায়নি। নামকাওয়াস্তে এটা করা হয়েছে। সরকার সবক্ষেত্রে প্রতারণা করছে। সরকার প্রতারণার ওপর দাঁড়িয়ে আছে। ফেক গভর্নমেন্ট।
বৃহস্পতিবার (২৮ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নড়াইলে সহিংসতার ঘটনায় গত ১৮ জুলাই বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত শনিবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তাদের সেই তদন্ত প্রতিবেদন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির তদন্ত কমিটির অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, অমলেন্দু দাস অপু ও নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, নড়াইলের লোহাগাড়া উপজেলার দীঘলিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অন্তর্কোন্দল, দ্বিধাবিভক্তির কারণেই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা।