দূরপাল্লার মিসাইলের সাহায্যে খেরসন অঞ্চলকে রাশিয়া সেনার হাত থেকে মুক্ত করতে চাইছে ইউক্রেন। এমনটি দাবি করেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা।
সম্প্রতি যুক্তরাজ্যের গোয়েন্দারা একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, খেরসন অঞ্চলে ইউক্রেন পাল্টা লড়াই শুরু করেছে। যার জেরে প্রাথমিকভাবে কিছুটা হলেও সমস্যায় পড়েছে রাশিয়ার সেনা। খেরসন শহর কার্যত রাশিয়ার সেনার হাতের বাইরে চলে গেছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের কার্যত প্রথম দিন থেকে খেরসন অঞ্চল রাশিয়ার সেনার দখলে ছিল। সম্প্রতি দূরপাল্লার মিসাইলের সাহায্যে ইউক্রেনের সেনা খেরসন অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী নিপ্রোর অন্তত তিনটি সেতু ধ্বংস করেছে। ওই ব্রিজের মাধ্যমে রাশিয়া খেরসনে সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় জিনিস পাঠাতো।
অর্থাৎ, ওই সেতুই রাশিয়া এবং খেরসনের মধ্যবর্তী সংযোগ ছিল। সেতুগুলি ধ্বংস হয়ে যাওয়ার ফলে রাশিয়ার সেনা ছন্নছাড়া হয়ে পড়েছে। আর সেই সুযোগেই খেরসন পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনা।
যুক্তরাজ্যের দাবি, রাশিয়া কোনোভাবেই খেরসন হারাতে চায় না। ফলে ইউক্রেনের এই নতুন পদক্ষেপ রাশিয়াকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে।