তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জোটের ঐক্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ঐক্যফ্রন্টে ঐক্য নেই। অনেক নেতা ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন। ঐক্যফ্রন্টের অবস্থা দেখে হাসি পায়, করুণা হয়। যাদের নিজেদের মধ্যে ঐক্য নেই তারা কীভাবে আন্দোলন করবে? গতকাল সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, শিষ্টাচার বিএনপির থেকে শিখতে হবে না। বিএনপি নেতাদের উচিত খালেদা জিয়াকে শিষ্টাচার শেখানো।
তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান দুর্নীতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত ও ২১ আগস্ট হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। আইনগতভাবে বাংলাদেশের আদালত স্বাধীন। আদালত কারো বিরুদ্ধে দণ্ড দিলে সেটি যদি সরকারি কর্মকর্তা হয়, এমনকি সরকার দলীয় এমপিও হয় তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব কোনো শাস্তিপ্রাপ্ত আসামির শাস্তি নিশ্চিত করা। অবশ্যই একদিন তারেক রহমানের শাস্তি কার্যকর হবে। রুমিন ফারহানা সংসদকে অবৈধ বলেছেন এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেকেই অবৈধ বলেছেন। তার মানে সংসদ সদস্য হিসেবে তিনিও অবৈধ। তাদের কাজ ও কথার ঠিক নেই। প্রথমে বলেছেন, কোনো অবস্থায়ই তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। পরে তারা শপথ নিলেন, এমনকি নারী সংসদ সদস্যের ভারটাও নিলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক দৈন্যদশা এই পর্যায়ে গেছে যে একজন শাস্তিপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটা বিএনপির জন্য লজ্জাকর।