জেলা পর্যায়ে স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে। বিভাগীয় পর্যায়ে হচ্ছে। একটা সময় ছিল একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। 

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে শরীয়তপুরের নড়িয়ার বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল মাঠে আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

উপমন্ত্রী শামীম বলেন, খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। এই মন আর এদিক-ওদিক যাবে না। এখন সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা যাচ্ছে। এই যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা একেবারেই নষ্ট করে দিচ্ছে। সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য খেলাধুলার বিকল্প নেই।