রুশ হামলায় ১৮ ইউক্রেনীয় নিহত 

রুশ বাহিনীর গত দুই দিনের হামলায় ১৮ জনের বেশি ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও বহু জন। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানান। শুক্রবার (২৯ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রদেশের সামরিক গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, দোনেতস্ক অঞ্চলে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ২৫ জনের বেশি। ইউক্রেনের বিভিন্ন সম্প্রদায়ের ওপর রাশিয়া হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। 

এছাড়া পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে দুই জন নিহত হয়েছে এবং আরেক হামলায় ৮ জন নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মিকোলাইভ বাসে আগুন ধরে গেলে পাঁচজন নিহত হয়েছে এবং সাতজন আহত হয়েছে।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।