শেষ বিকালে মুশফিককে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে চাপ মুক্ত করলেন অধিনায়ক সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ব্যাটের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে বড় সংগ্রহের ভিত পেয়েছে বাংলাদেশ।
প্রথম দুই সেশনে দুটি করে উইকেট হারানো বাংলাদেশ শেষ সেশনে হারিয়েছে একটি উইকেট। খেলা শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২৫৯ রান। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রানে ব্যাট করছেন। এই জুটি গড়েছেন ৬৯ রান।
শুক্রবার সকালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় সকাল সাড়ে নয়টায়।
লাঞ্চের আগে শেষ ওভারে আউট হন মুমিনুল হক। পেসার কেমার রোচের অফ স্ট্যাম্পে শর্ট বল পুল করতে গিয়ে মিড অফে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন ৪৬ বলে ২৯ রান করা মুমিনুল। দিনের খেলা শুরু একঘণ্টা পর বাজে শট খেলে আউট হন সৌম্য সরকার। অফ স্পিনার রোস্টন চেজের অফ স্ট্যাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। ৪২ বলে ১৯ রান করে ফেরেন সৌম্য।
মোহাম্মদ মিথুনের বিদায়ে ভাঙে ৬৪ রানের তৃতীয় উইকেট জুটি। দেবেন্দ্র বিশুর গুগলি বল পুল করতে বোল্ড হন মিথুন। ৬১ বলে ২৯ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। মিথুনের বিদায়ের পর দলীয় ১৬১ রানে ফিরে যান অভিষিক্ত সাদমান ইসলাম। তিনি ১৯৯ বলে ৭৬ রান করেন।
সবশেষ শারমন লুইসের দারুণ এক ডেলিভারিতে মুশফিকুর রহিম সাজঘরের পথ ধরেন। তিনি ১৪ রানে বোল্ড হন।
ইত্তেফাক/জেডএইচ