হাওয়া’য় অভিনয়ের সুযোগ পাওয়া আমার বড় টার্নিং: তুষি 

‘কোনোকিছু মন প্রাণ উজাড় করে করলে তা পাওয়া যায়। আমার ফিল্ম ক্যারিয়ারে হাওয়া ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার বড় টার্নিং। নির্মাতা মেজবাউর রহমান সুমন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। একইসাথে চঞ্চল চৌধুরীর মতো এমন শিল্পীর সাথে স্ক্রিন শেয়ার করাটা ছিল আমার জন্য বড় চ্যালেঞ্জ।’- হাওয়া ছবিতে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বললেন অভিনেত্রী নাফিজা তুষি।

মুক্তির আগেই দেশে বিদেশে, শহর-গ্রামে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেজবাউর রহমান সুমনের পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। অবশেষ গতকাল ছবিটি মুক্তির পর এর গল্প নির্মাণ নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে চারদিকে। সিনেমাটির ‘কালা কালা সাদা সাদা গানটি’ ইতোমধ্যে দর্শকের মন জয় করেছেন।

tushi 2

দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটির অগ্রিম টিকিটও শেষ হয়েছে আগামী এক সপ্তাহের জন্য। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাফিজা তুষিসহ আরও অনেকে। নাফিজা তুষি, রেদোয়ান রনির আইসক্রিম দিয়ে আলোচনায় এসেছিলেন। তিনি ‘হাওয়া’য় অভিনয় করেছেন বেদে পল্লীর ‘গুলতি’ চরিত্রে। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। এর এক বছর আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত কলাকুশলীরা টিমওয়ার্ক শুরু করেছিলেন।

তার নিজেদের চরিত্রের সঙ্গে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানান তুষি। অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তুষি বলেন, ‘এখন মনে হয় অসাধ্য সাধন করেছি। আমাদের প্রস্তুতির অংশ হিসেবে ৬ মাস চরিত্রটি ধারণ করেছি। ৬ মাস বিছানায় ঘুমাইনি। মাছ কাটতাম। শাড়ি পরতাম। ‘গুলতি’ হয়ে ওঠার জন্য বেদেপল্লীতে গিয়েছি। ওদের সঙ্গে থেকেছি। ওদের খাবার খেয়েছি। ওদের ওয়াশ রুম ব্যবহার করেছি।

tusi

শুটিংয়ের সময় ১ মাস মোবাইল ফোনও ব্যবহার করিনি। অন্যরাও একই রকমভাবে নিজেদের চরিত্রের ভেতর ডুবে ছিল। আমরা জানতাম ডু অর ডাই অবস্থা হতে যাচ্ছে। আমার করা সবচেয়ে কঠিন চরিত্র গুলতি।’ নিজের চরিত্র গুলতি নিয়ে জানতে চাইলে তুষি দর্শকের জন্যই সেই উত্তর রেখে দেন।

তিনি বলেন, ‘এটি একটি রহস্যময় চরিত্র। ওর মধ্যে যে রহস্য আছে তা ধাপে ধাপে উন্মোচন হয়। সে আসার পর থেকে গল্পের বাঁক বদলাতে থাকে। প্রেক্ষাগৃহে দেখলে দর্শক বুঝতে পারবে চরিত্রটি কেমন।’

tushi

দীর্ঘদিন পর দর্শককে হলমুখি হতে আগ্রহী করে তুলেছে ‘হাওয়া’। তুষি আরও বলেন, ‘শিল্পের মানের কাছে আমি ছাড় দিইনি। এমন ভালো ছবির জন্যই হয়ত আমি টিভি নাটক থেকে শুরু করে অনেক কাজই সেক্রিফাইস করেছি। দর্শকদের ভালোবাসায় আমার ক্যারিয়ারকে আরেক স্তরে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।