পানির অভাবে খেতেই নষ্ট হচ্ছে পাট

দিনাজপুরের খানসামায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। ফলনও ভালো। কিন্তু পানির অভাবে জাগ দিতে না পারায় বেশির ভাগ পাটগাছ শুকিয়ে নষ্ট হচ্ছে কৃষকের জমিতেই। অনেকে কৃত্রিম খাল তৈরি করে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে পানি এনে পাট জাগ দিচ্ছেন। এতে তাদের উৎপাদন খরচ বাড়ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১ হাজার ৮৬২ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে বেশি। 

উপজেলার ভাবকি ইউনিয়নের গুলিয়ারা গ্রামের পাটচাষি আবদুল কাদের বলেন, এ বছর তিনি চার বিঘা জমিতে পাটের আবাদ করে ভালো ফলন পেয়েছেন। কিন্তু আশপাশের কোথাও জাগ দেওয়ার মতো পানি না থাকায় দুই বিঘা জমির পাট কেটে তা আরো প্রায় ১০ কিলোমিটার দূরের একটি জলাশয়ে নিয়ে যেতে হয়েছে। এতে তার খরচ বেড়ে গেছে। আর জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি না পাওয়ায় দুই বিঘা জমির পাট এখনো কাটতে পারেননি। জমিতেই অনেক গাছ নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টি না থাকায় কৃষকেরা পাট জাগ দিতে পারছেন না। অনেক জমির পাট জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে। তবে বৃষ্টি শুরু হলে জাগ দেওয়া সম্ভব হবে।