মিরসরাইয়ে লরির ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি লরি চাপায় মিশু রাণী দেবী (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৮টায় নিজামপুর সরকারি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া গ্রামের সূর্য মোহন নাথের মেয়ে। মিশু উপজেলার নিজামপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

এ ঘটনায় লরি চালক মো. শাহজাহান শেখ (৪৯) ও সহকারী মো. লিমনকে (২৫) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর ইসলাম বলেন, সকালে নিজামপুর সরকারি কলেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় মিশু রাণী দেবী নামের এক কলেজ ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ঘাতক লরির চালক ও চালকের সহকারীকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছে।