কালিয়ায় বিয়েবাড়িতে কিশোরের রহস্যজনক মৃত্যু

নড়াইলের কালিয়ায় বিয়েবাড়িতে শিহাব শেখ (১৪) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার কলাবাড়িয়া গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। এদিকে কিশোরের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে স্থানীয় পুলিশ। ওই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শিহাব শেখ একই গ্রামের রিকাইল শেখের ছেলে। বুধবার একই উপজেলার কলাবাড়িয়া গ্রামের ফুলমিয়া মোল্যার মেয়ের সঙ্গে তার বিয়ের দিন ধার্য্য করা হয়েছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সোমবার সন্ধ্যা থেকেই সকল প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল। সোমবার বন্ধুদের সঙ্গে প্রতিবেশী ফুলমিয়ার বাড়িতে গান বাজিয়ে আনন্দ-উল্লাস করতে যান শিহাব। আড্ডা শেষে রাত ১২ টার দিকে বন্ধুদের সঙ্গে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু রাত আড়াইটার দিকে তিনি নিজ বাড়ির উঠানে এসে পড়ে গিয়ে মারা যান। মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানতে না পারায় স্থানীয়রা ও পুলিশ ঘটনাটিকে রহস্যজনক মৃত্যু বলে উল্লেখ করেছে। 

আরও পড়ুন:  বৃহস্পতিবার চন্দনাইশে স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণ

উপজেলার নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির জানান, 'ওই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। মৃত্যুর সঠিক কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ইত্তেফাক/জেডএইচডি