ভাঙ্গুড়ায় নদী দখল করে ভবন নির্মাণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বড়াল নদীর দুই পাড়ের জায়গা দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবন কেউ ব্যবসাপ্রতিষ্ঠান, কেউ আবার বাসাবাড়ি হিসেবে ব্যবহার করছেন।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, এসব ভবনের বেশির ভাগ অংশই নদীর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে। এদিকে উপজেলা প্রশাসন এসব অবৈধ ভবন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর ধারাবাহিকতায় সোমবার (১ আগস্ট) পৌরসভার হারোপাড়া গ্রামের রন্জু মোল্লা নামের এক ব্যক্তির ভবন নির্মাণের জন্য আনা ইট, বালি, খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে রন্জু মোল্লা বলেন, আগে অনেকেই নদী দখল করে ভবন নির্মাণ করেছেন। আমার বাড়ির জায়গা স্বল্প হওয়ায় নদী পাড়ের কিছু ভূমি দখল করে সেখানে আমি বাড়ি নির্মাণ করছিলাম। কিন্তু উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। তাই নদীর জায়গার ওপর নির্মিত সকল প্রকার ভবন উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। সে মোতাবেক খুব শিগ্গিরই রন্জু মোল্লার নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দেওয়া হবে।