ভারতে গভীর কূপে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নলকূপে চারদিনের বেশি সময় আটকে থাকার পর মঙ্গলবার শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির নাম ফতেবীর সিং। তাকে উদ্ধারে বিলম্বের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার পাঞ্জাব রাজ্যের সাংগুর জেলায় খেলার সময় শিশুটি ১৫০ ফুট গভীর কূপে পড়ে যায়। তার এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরিত্যক্ত কূপটি মাত্র ২৩ সেন্টিমিটার চওড়া।
শিশুটিকে উদ্ধারে বেশ কয়েকজন কর্মী ও স্বেচ্ছাসেবী প্রাণপনে চেষ্টা চালায়। অভিযানটি স্থানীয় বাসিন্দা ও টেলিভিশনের ক্যামেরায় ধারণ করা হয়।
রাজ্যের আইনপ্রণেতা বিজয় ইন্দ্র সিংহ বলেন, ‘শিশুটি বেঁচে নেই। জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনীর সদস্যরা ভোর পাঁচটায় শিশুটিকে উদ্ধার করেছে।’
শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হলেও তার কাছে কোন খাবার বা পানি পাঠানো যায়নি। উদ্ধারের পর তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে রাজধানী ছত্তিশগড়ের একটি হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বারবার পুলিশি তল্লাশি, মসজিদই গুড়িয়ে দিলো মুসলিমরা
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা ওই কূপের সমান্তরাল একটি সুড়ঙ্গ তৈরি করে ৩৬ ইঞ্চি চওড়া একটি পাইপ তাতে স্থাপন করে শিশুটির কাছে পৌঁছতে চেষ্টা চালায়।
ইত্তেফাক/টিএস