জন্মসনদ না থাকায় উপবৃত্তি বঞ্চিত ৪ হাজার শিক্ষার্থী

সৈয়দপুরে প্রাথমিক স্কুলের প্রায় ৪ হাজার শিক্ষার্থীর জন্মসনদ না থাকায় চলতি বছর শিক্ষা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। সৈয়দপুরে রেলওয়ে সাবোর্ডিনেট কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা বলেন, জন্মসনদের অভাবে উপবৃত্তির জন্য ১০০ শিক্ষার্থীর মধ্যে ৫৭ জনের আবেদন করা হয়নি। 

পৌরসভার তথ্য কর্মকর্তা আকমল হোসেন রাজু বলেন, ‘শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একদিনেই জন্মসনদ দেওয়া যাচ্ছে। তবে এর ওপরে যাদের বয়স, তাদের নিয়ম মেনে জেলা অফিসের মাধ্যমে দেওয়ায় এ বিলম্ব হচ্ছে। উপজেলা ইউনিয়ন ও পৌর এলাকায় রয়েছে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের ১৮ হাজার ৪৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল বলেন, জন্মসনদের অভাবে প্রায় চার হাজার শিশু শিক্ষার্থী উপবৃত্তি না পাওয়া দুঃখজনক। বিষয়টির সঠিক সমাধানে জন্মসনদ কর্তৃপক্ষের শিগগির যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। 

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিন হোসেন বলেন, সনদের জন্য যারা আবেদন করেছে, তাদের দ্রুত দেওয়া হয়েছে। সৈয়দপুর থেকে নীলফামারী ও ঢাকা-এই তিন অফিস সমন্বয় করায় কিছুটা বিলম্ব হচ্ছে।