পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসির উদ্দিন (৩৮) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার দুপুরে তাদের কিশোরগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—আলী আকবর সবুজ (৪০) ও উঠন (২২)। তবে হত্যামামলার প্রধান অভিযুক্ত স্বপন মিয়া এখনো গ্রেফতার হননি। 

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে কলা গাছের ছড়ি কাটা নিয়ে নাসির উদ্দিন ও স্বপন মিয়া বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ব্যাপারে মঙ্গলবার রাতেই নিহতের ছোট ভাই মো. সোলাইমান বাদী হয়ে পাকুন্দিয়া থানায় পাঁচ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।